বকশীগঞ্জের দড়িপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২২ দিন ধরে অনশন করছে এক কলেজ ছাত্রী। বিয়ে না হলে আত্বহত্যার হুমকি দিয়েছে ওই ছাত্রী। কিন্তু বাড়ি ছেড়ে পালিয়েছে প্রতারক প্রেমিক।
জানা গেছে,বকশীগঞ্জ সরকারি কেইউ কলেজের ছাত্রী ও ধুমালীপাড়ার সৈয়দ জামালের মেয়ের সঙ্গে দড়িপাড়ার মধু মিয়ার ছেলে কালামের (২৪) প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে কালামকে বিয়ের জন্য চাপ দেয় ওই ছাত্রী। কিন্তু বখাটে কালাম তাকে বিয়ে করতে অসম্মতি জানায়। তাই ১২ জানুয়ারি ওই ছাত্রী প্রেমিক কালামের বাড়ি গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। এরপর থেকে প্রতারক প্রেমিক কালাম পলাতক রয়েছে।
প্রতারিত ছাত্রী জানায়, আমার সব কিছু শেষ হয়েছে। কালাম আমাকে বিয়ে না করলে আত্বহত্যা করবো। বাড়ি থেকে বের করে দিতে কালামের আত্বীয় স্বজনরা তাকে নির্যাতন করছে বলে ওই ছাত্রী অভিযোগ করেন।
কালামের বাবা মধু মিয়া জানান, ছেলে বাড়িতে না থাকায় কিছু করতে পারছি না।
ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন জানান, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এএন
