গোবিন্দগঞ্জের ইক্ষু খামারের নিরাপত্তাকর্মীকে মারপিটের মামলায় ২ সাঁওতালের জামিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে (৪৮) মারপিটের মামলায় দুই সাঁওতালের জামিন মঞ্জুর করেছে আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম তাসকিনুল হক এ আদেশ দেন।
 
এরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া সাঁওতাল পল্লীর হোপনা মিস্ত্রির ছেলে মিখাই (৪০) ও মাদারপুর সাঁওতাল পল্লীর বার্ণার ছেলে কৃষ্ণ (৩৯)।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী প্রসিকিউটর মিজানুর রহমান জানান, ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে মারপিটের মামলায় গত ২৬ জানুয়ারি ১২ জন সাঁওতাল আদালতে হাজির করে জামিন আবেদন করেন। এ সময় বিচারক ১০ জনের জামিন মঞ্জুর এবং ওই দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
আজ ওই দুই সাঁওতালের পক্ষে জামিন আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
 
খামারের ডেপুটি ইনচার্জ (ডিজিএম) মো. আলমগীর হোসেন জানান, ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ডিং (পাইপ) বসানো ছিলো। গত ১৪ জানুয়ারি কিছু বাঙ্গালী ও সাঁওতালরা ওই বর্ডিংয়ের পাইপ উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাঁধা দিলে তাকে বেদমভাবে মারধর করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে ১২ বাঙালি ও সাঁওতালকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন।
 
ইত্তেফাক/এএম।