ছাতকে চুরির অভিযোগে ২ ইরানি নাগরিক গ্রেফতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৫
ছাতকের জাউয়াবাজারে দোকানের ক্যাশ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দুই বিদেশি নাগরিক। পরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভূইয়া তাদের গ্রেফতার করেন।
 
এ ঘটনায় দোকান মালিকের ভাই ফয়ছল আহমদ বাদী হয়ে ইরানি নাগরিক আলী সফর (৫৪) ও রেজা নুরী’র (৩৯) বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এ দুই বিদেশি নাগরিক দুপুরে জাউয়াবাজারে সাজ্জাদ মিয়ার মালিকানাধীন নিশাত ভ্যারাইটিজ স্টোরে গিয়ে একজন বিভিন্ন মালামালের মূল্য নিয়ে দর কষা-কষি করেন দোকান মালিকের সাথে। অপরজন এ সুযোগে দোকানের ক্যাশ থেকে টাকা চুরি করতে চেষ্টা করে। এ সময় দোকান মালিক ও স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে পুলিশ ঐ বিদেশি দু’ নাগরিককে গ্রেফতার করে।
 

ইত্তেফাক/এএম।