রাজশাহী মহানগরীতে এক যুবককে হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
ভিকটিম আসাদুজ্জামান রোকনকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোকন বালিয়াপুকুর এলাকার জনৈক আবদুর রশিদের ছেলে।
রোকনের ছোট ভাই ফিরোজ কবীর (২২) জানান, এলাকার আদর ও সনেট নামে দুই যুবকের সঙ্গে তার ভাইয়ের আগে থেকেই বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছোট বটতলা এলাকায় রোকনকে একা পেয়ে ওই দুই যুবক চাকু ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়।
এ সময় রোকনের ডান হাতের কব্জি ও বাম পায়ের গোড়ালির ওপরের অংশের রগ কেটে ফেলা হয়। এছাড়া তার বাম হাতের বাহু ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। এতে রোকন গুরুতর আহত হলে হামলাকারীরা তাকে মৃত ভেবে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত রোকনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার শরীরে রক্ত দেয়া হচ্ছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। হাসপাতালে পুলিশ পাঠিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের আটক করতে অভিযান চলছে।
ইত্তেফাক/এএন
