মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৮

খাগড়াছড়ির মাটিরাঙায় ধারালো অস্ত্র দিয়ে রাবেয়া বেগম (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে মাটিরাঙার আমতলী ইউনিয়নের চৌদ্দগ্রাম পাড়ায় এ ঘটনা ঘটে।
 

নিহত রাবেয়া বেগম চৌদ্দগ্রাম পাড়ার মো: আইয়ুব আলীর মেয়ে এবং দুবাই প্রবাসী মো: শাহজাহানের স্ত্রী। বিবাহিত জীবনে রাবেয়া বেগম এক ছেলে ও এক মেয়ের জননী। জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে রাবেয়া বেগমকে ভালোবেসে বিয়ে করেন চৌদ্দগ্রাম পাড়ার মমতাজ উদ্দিনের ছেলে মো: শাহজাহান।

আমতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সনজীব শর্মা জানান, রাত দুইটার দিকে রাবেয়া বেগমের এক প্রতিবেশীর মাধ্যমে তিনি এ হত্যাকাণ্ডের খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেন।

নিহত রাবেয়া বেগমের বাবা মো: আইয়ুব আলী তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবী করে বলেন, দীর্ঘ দিন ধরে মো: শাহজাহানের বড় ভাই মো: আবদুল মতিনের সাথে জায়গা-জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বহিরাগত লোকজন দিয়ে গভীর রাতে তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনা সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানান নিহতের বাবা মো: আইয়ুব আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারনা করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এসএসএ