আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীর আমবাগান এলাকায় প্রতিপক্ষের হামলায় চারজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন।
এসময় তিনটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পাশের একটি ক্লাবে ঘটনাটি ঘটেছে।
এতে আহতরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুস্তফিজুর রহমান সুমন, শামীম, মোতালেব ও নয়ন শেখ। এছাড়া ফিরোজ নামে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ সুমন ও শামীম রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। তবে শামীমের অবস্থা গুরুতর বলে তার স্বজনরা জানিয়েছেন। হামলার সময় বাবু, শফিকুল এবং আনোয়ার শেখের বাড়ি ভাংচুর হয় বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, এঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ মামলা দায়ের করতে আসেনি।
ইত্তেফাক/এসএস
