গফরগাঁওয়ে রেললাইনে নাশকতার চেষ্টা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৯
ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনের হোম সিগনাল পয়েন্টের নাট খুলে নাশকতার চেষ্টা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নাশকতার উদ্দেশ্যে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
 
মশাখালী রেলওয়ে স্টেশন মাস্টার মো. মোয়াজ্জেম হোসেন জানান, সকালে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের লাইন ক্লিয়ারেন্স দিতে গেলে ক্লিয়ারেন্স না হওয়ায় বিষয়টি তাদের সন্দেহ হয়। পরে লাইন চেকিংয়ের সময় ইন্টারলগিং (সিগনাল পয়েন্ট) গিয়ে লাইনের পাঁচটি নাটসহ রড খোলা পাওয়া যায়। রেলওয়ের কর্মীরা নাটগুলো লাগিয়ে মেরামত কাজ শেষ করলে বড় ধরনের দুঘর্টনার হাত থেকে রক্ষা পায় আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন। সাম্প্রতিক সময়ে এ নিয়ে চারবার এ ধরনের ঘটনা ঘটেছে বলে স্টেশন মাস্টার মো. মোয়াজ্জেম হোসেন জানান। 
 
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মোছলেম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে গফরগাঁও রেল ক্রসিংয়ে রেল লাইনের সিগনাল পয়েন্টে একটি নাট খুলে ফেলেছে দুর্বত্তরা। প্রথমে এ ঘটনা সাধারণ ভাবলেও মশাখালীর রেলওয়ে স্টেশনের ঘটনায় পর একে নাশকতা হিসেবে দেখছেন তিনি।
    
গফরগাঁওয়ে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, রেল লাইনের খুলে ফেলা নাট পুনরায় লাগিয়ে দেয়া হয়েছে। বর্তমানে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করছে।
 
এ ঘটনায় সিগনাল ডিপার্টমেন্টের এএসআই আজিজুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে ময়মনসিংহের জিআরপি থানায় এজাহার দায়ের করেছেন। 
 
ইত্তেফাক/এমআই