সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে হরতাল চলছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৭
 
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে শাহজাদপুরে আধাবেলা হরতাল চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাকে উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ। এই হরতালে সমর্থন জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
 
শনিবার সকাল থেকেই উপজেলা সদরের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা ও যান চলাচল বন্ধ রয়েছে। সরকারি অফিস, আদালত ও ব্যাংক বীমা খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি কম রয়েছে। রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলও চলাচল করতে দেখা যাচ্ছে না।
 
সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বতঃস্ফুর্ত ও শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি।
 
শাহজাদপুর থানা পুলিশের ওসি রেজাউল হক জানান, হরতালের কারণে শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ  মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 
 
উল্লেখ্য, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ব্যক্তিগত শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাংবাদিক ঐক্য পরিষদ শনিবার শাহজাদপুরে অর্ধদিবস হরতাল আহ্বান করে।
 
ইত্তেফাক/কেকে