সীতাকুণ্ড উপজেলার ছোটকুমিরা এলাকায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি খাল দখল করে ওয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে।
গত শনিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয়রা জানান, নেমসন কন্টেইনার লিঃ নামে একটি ডিপো পাশ্ববর্তী কুমারি খালের ৬০ফিটের মধ্যে অনেক অংশ দখল করে ওয়াল নির্মাণ করে।
দখলের ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ করলে ডিপোর কর্মকর্তাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। কুমিরা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হারুনুর রসিদ মেম্বার ও স্থানীয় ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম জানান, আমরা ৪/৫ জন মেম্বার ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলেও প্রতিষ্ঠানটি প্রভাব খাটিয়ে খালটি জোরপূর্বক দখল করে ওয়াল নির্মাণ করছে।
তিনি আরো জানান, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে এই কুমারিখালে গঙ্গা পূজা করে আসছে। তবে আমরা বিষয়টি কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোরশেদ হোসেন চৌধুরীকে অবহিত করি।
এ বিষয়ে নেমসন কন্টেইনার ডিপোর প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম টিপু বলেন, আমরা নিজেদের জায়গায় স্থাপনা নির্মাণ করছি। আর এটি সরকারি জায়গা হলেও জনগণের কি? এখানে জনগণের কোনো স্বার্থ নেই। জনগন অহেতুক বাঁধা দিচ্ছে।
এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন জানান, বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
ইত্তেফাক/এএন
