জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় স্বপন কুমার ঘোষ নামের এক ব্যক্তিকে তার আপন ভাই শংকরসহ তার লোকজন অপহরণের চেষ্টা করে। অপহরণে ব্যর্থ হয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে শহরের জজকোর্টের সামনে ঘটনাটি ঘটেছে। বর্তমানে স্বপন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মৃত অজিত কুমার ঘোষের বড় ছেলে স্বপন কুমার ঘোষ ও তার মেজ ভাই শংকর কুমার ঘোষের মধ্যে সাড়ে ১১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ ঘটনাটি ঘটেছে।
হাসপাতালে ভর্তি স্বপন কুমার ঘোষ জানান, আমার আপন ভাই শংকর জাল-জালিয়াতির মাধ্যমে আমার একমাত্র সম্বল নিজ নামের সাড়ে ১১ বিঘা জমি দেবহাটা সার্টিফিকেট আদালতে ৮/১১-১২ নম্বর মামলা দেখাইয়া সে তার স্ত্রী নমিতা রানীর নামে ৪০ লাখ টাকার জমি মাত্র ১৫ হাজার ৫০ টাকায় নিলামে ক্রয় করে। এরপর আমি ও আমার কাকা স্বরজিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আদালতে এর বিরুদ্ধে একটি মিস আপিল মামলা করি। যার মামলা নং-৩/১৫।
তিনি আরো জানান, আমি ভূমি আপিল বোর্ডের কাজ শেষে গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সুন্দবন এক্সপ্রেস নামের একটি পরিবহনে শুক্রবার ভোরে শহরের জজ কোর্টের সামনে নামি। এ সময় শংকর, অমলসহ ৮/১০ জন আমাকে অপহরণের চেষ্টা করে। এ সময় তারা আমার কাছে থাকে ৮০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে নেয় এবং আমার মাথায়, হাতে ও পিঠে পিটিয়ে মারাত্মক জখম করে।
আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আমি সদর হাসপাতালে ভর্তি হই। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে শংকর কুমার ঘোষ জানান, আমার ভাই স্বপন কুমার ঘোষ একজন ভারতীয় নাগরিক। তিনি দীর্ঘ দিন ভারতে থাকায় ওই জমিটি নিলাম হয়ে যায়। পরে আমি ওই জমি আদালতের মাধ্যমে নিলামে ক্রয় করি। তবে, স্বপন কুমার ঘোষকে পিটিয়ে আহত করার বিষয়ে তিনি জানান, এ ঘটনায় আমি জড়িত নই এবং আমি এ ব্যাপারে কিছুই জানি না।
ইত্তেফাক/এএন/ইউবি
