খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫১
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহতদের আন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। 
 
মর্মান্তিক এই দুর্ঘটনায় একই এলাকার আটজন নিহত হয়েছে। এর মধ্যে মা ও দুই মেয়েসহ একই পরিবারের তিনজন প্রাণ হারায়। এই দুর্ঘটনার পর থেকেই এলাকায় চলছে শোকের মাতম। পুণ্য লাভের আশায় বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এসে তারা প্রাণ হারান। 
 
পুলিশ জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের অপ্রাপ্তবয়স্ক এক ট্রাক চালকের হাতে প্রাণ যায় তাদের। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ পথচারী। এদিকে নিহত আটজনের মধ্যে ছয়জনই খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা। 
 
এদিকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্উদ্দিন জানান, এ ঘটনায় অপ্রাপ্তবয়স্ক ট্রাকচালক মো. সুমনকে আটক করেছে পুলিশ। হেলপার সুমনসহ ট্রাকের মূল চালক পলাশকে আসামি করে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তা ছাড়া হেলপার সুমনকে দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। চালক পলাশকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। -বাসস।
 
ইত্তেফাক/এমআই/ইউবি