যে কোনো মূল্যে শিমুল হত্যার বিচার হবে : নাসিম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৮
শনিবার রাত ১১টার দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নিহত সাংবাদিক  শিমুলের বাড়িতে যান। সেখানে তিনি শিমুলের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।
 
এ সময় তিনি সাংবাদিক ও উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, যে কোনো মূল্যে সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার করা হবে।
 
তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতার করা হবে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না।
 
তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের জন্য স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। তিনি দলের নেতাকর্মীসহ সকলকে আন্দোলনের নামে বিশৃঙ্খলা না ছড়িয়ে শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, কিছু ঘটনার জন্য আওয়ামী লীগের বদনাম ও ক্ষতি হোক আমরা তা চাইব না।
 
তিনি নিহত শিমুলের স্ত্রী নুরুন নাহারকে বগুড়া এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে তার যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় তিনি শিমুলের স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করেন। 
 
এ স্থানীয় এমপি হাসিবুল ইসলাম স্বপন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল আলম খানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
শাহজাদপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে দল থেকে বহিষ্কারের বিষয়ে স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, বিষয়টি এরই মধ্যে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের অনেকে অবগত হয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। দলের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন, কোনো অপরাধীকেই দলে স্থান দেয়া হবে না। 
 
 
মন্ত্রী চলে যাবার পর জেলা প্রশাসক নিজে এসে শিমুলের স্ত্রী ও সন্তানদের সান্তনা দেন। এ সময়ে জেলা প্রশাসক শিমুলের সন্তানদের পড়াশুনার খরচ জেলা প্রশাসন থেকে বহন করার জন্যও প্রতিশ্রুতি দেন। এছাড়া শিমুলের পরিারের খোরাকীর চাল নিয়মিত সরবরাহ করার জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন।
 
প্রসঙ্গত সমকাল উপজেলা প্রতিনিধি শিমুল পেশাগত দায়িত্ব পালন, ছবি ও খবর সংগ্রহ করতে গিয়ে গত বৃহস্পতিবার পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন। পরদিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে শিমুল মারা যান। 
 
ইত্তেফাক/এএন/ইউবি