সুখী মানুষ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:২৩

 

g সোহেল রানা

শিক্ষক ক্লাশ রুমে প্রবেশ করে ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, ‘বল তো দেখি তোদের চোখে সবচেয়ে সুখী মানুষ কে?’

অধিকাংশ ছাত্র একযোগে বলল, ‘আপনি স্যার!’

ছাত্রদের মুখে নিজের সম্পর্কে এমন কথা শুনে শিক্ষকের তো মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। তিনি মনে মনে ভাবতে থাকলেন, ‘প্রতিদিন স্কুলে আসার আগে এবং পরে বউয়ের সাথে যে যুদ্ধ চলে সেই কথা যদি তোরা জানতি তাহলে আর আমাকে সবচেয়ে সুখী মানুষ না বলে দুঃখী মানুষ বলতি।’ তারপরও তিনি নিজেকে সামলে নিয়ে ছাত্রদের উদ্দেশে বললেন, ‘তোরা কিভাবে বুঝলি যে আমি সবচেয়ে সুখী মানুষ?’

পিছনের বেঞ্চের একজন ছাত্র দাঁড়িয়ে বলল, ‘আপনি তো চেয়ারে বসামাত্রই ঘুমিয়ে নাক ডাকতে শুরু করেন স্যার, এতেই প্রমাণিত হয় আপনি সবচেয়ে সুখী মানুষ। কারণ, আমরা সকলেই জানি মানুষ সুখে থাকলেই যেকোনো সময় যেকোনো জায়গায় ঘুমাতে পারে।’

শিক্ষকের চোখে ঘুমের ভাব এলেও ছাত্রের উত্তরে ততক্ষণে তা কোথায় যে পালিয়ে গেল নিজেও বুঝতে পারলেন না তিনি। শুধু গলাটা ঝেড়ে ছাত্রদের উদ্দেশে বললেন, ‘সুখী মানুষের সংজ্ঞা যেটা তোমরা জানো, সেটা মোটেও ঠিক নয়।’

এরপর থেকে সেই শিক্ষককে আর ক্লাসরুমে কখনো ঘুমাতে দেখেনি ছাত্ররা।