খাগড়াছড়িতে দিন-দুপুরে বড় ধরনের এক ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া গেছে।
আজ রবিবার বেলা সাড়ে বারটা নাগাদ জেলার সদর উপজেলাধীন খাগড়াছড়ি- দীঘিনালা সড়কের এগার কিলোমিটার নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের এক মুদি ব্যবসায়ী মোঃ সেলিম ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলযোগে খাগড়াছড়ি আসছিলেন। পথে ঐ এলাকায় অজ্ঞাতনামা একদল অস্ত্রধারী দুর্বৃত্তের হাতে ছিনতাইয়ের শিকার হন তিনি।
ব্যবসায়ী মোঃ সেলিম সাংবাদিকদের জানান, অস্ত্রধারীরা মুখোশ পরা হলেও তারা ছিল আদিবাসী। এ ব্যাপারে ব্যবসায়ী মোঃ সেলিম খাগড়াছড়ি সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এদিকে গতকাল শনিবার রাতে প্রান-আরএফএল গ্রুপের পণ্যবাহী একটি গাড়িতে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করেছে বলে লিখিতভাবে অভিযোগ পাওয়া গিয়েছে।
প্রান-আরএফএল গ্রুপের তিন পার্বত্য জেলার ব্যবসা ও বিপনন (উন্নয়ন) বিষয়ক ব্যবস্থাপক মোহাম্মদ মাঈন উদ্দীন মাহিন জানান, দীঘিনালা- মারিশ্যা সড়কে ৯ কিলোমিটার নামক স্থানে তাদের দুটি গাড়িতে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অতর্কিতে এ হামলা চালায়।
হামলাকারীরা ছিল আদিবাসী এবং কাঠুরিয়ার বেশে। ব্যবস্থাপক জানান, শনিবার সকালে পণ্য নিয়ে মারিশ্যা বাজারে যাওয়ার পথে নয় কিলোতে রাস্তার দুই পাশে দোকানে অবস্থানকারী ৬/৭ জন চাকমা আদিবাসী জোরপূর্বক গাড়ী থামায়। তারা বলে, তাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অমান্য করে এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। কিন্তু তাদের বাধা উপেক্ষা করে মারিশ্যায় গিয়ে পণ্য নামিয়ে খাগড়াছড়ি ফিরে আসার সময় ক্ষিপ্ত হয়ে গাড়িতে গুলি চালায়।
প্রান-আরএফএল গ্রুপের অভিযোগ, গত বছরের মে-জুন মাস থেকে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদার জন্য চাপ প্রয়োগ করছিল ইউপিডিএফের নেতারা। কিন্তু এত বেশি পরিমান চাদাঁ দিতে অস্বীকৃতি জানানো হয়। তার প্রেক্ষিতে ইউপিডিএফের কেন্দ্রীয় নেতারা প্রান-আরএফএল গ্রুপকে এই অঞ্চলে ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করে।
এ অবস্থায় বিগত ডিসেম্বর মাস পর্যন্ত খাগড়াছড়ির পানছড়ি, মহালছড়ি , দিঘীনালা ও রাঙামাটি জেলার মারিশ্যা-লংগদু সড়কে মালামাল পরিবহন বন্ধ রাখা হয়। ১১ ডিসেম্বর প্রান-আরএফএল গ্রুপের মালবাহী গাড়ী আটক করে চাঁদা আদায়ের ঘটনায় দিঘিনালা থানায় একটি মামলা হয়।
তাছাড়া, এ ঘটনার প্রতিকার চেয়ে গত ৭ ডিসেম্বর খাগড়াছড়ির জেলা প্রশাসককে আবেদন জানানো হয়। এ ঘটনার পর গত ১৫ ও ২১ ডিসেম্বর একই গ্রুপের ২টি পণ্যবাহী গাড়ি ভাংচুর করে ইউপিডিএফ।এ ঘটনায়ও খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করা হয়।
অবশেষে স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রান-আরএফএল গ্রুপ পণ্য পরিবহন শুরু করলে গতকাল শনিবার আবারো তাদের পণ্যবাহী গাড়ীর ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটলো।
ইত্তেফাক/এএন
