সাংবাদিক হত্যার বিচারে আলাদা ট্রাইব্যুনাল দাবি করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে রবিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আরইউজে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সাংবাদিক নেতৃবৃন্দ এই দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটে। কিন্তু বিচারের দাবিতে রাস্তায় দাঁড়িয়েও কোনো লাভ হয় না। তাই সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ওই ট্রাইব্যুনালে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
তারা বলেন, পুলিশ ও জনপ্রতিনিধিদের কাছে বিচার না পেলে মানুষ সাংবাদিকদের দুয়ারে হাজির হন। কিন্তু আজ আমরাই বড় অসহায়। আমাদের শিমুল ভাইয়ের রক্তে রঞ্জিত হলো মাটি। হত্যাকারী এখনও গ্রেপ্তার হলো না। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আমরা সরকারের কাছে আবেদন করছি- খুনি যে দলেরই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তা না হলে সরকারের সব অর্জনে কালিমা পড়বে।
প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য আনিসুজ্জামান, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান হাবিব অপু, আরইউজের নির্বাহী সদস্য সাইফুর রহমান রকি, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
ইত্তেফাক/এএম।
