সিংগাইরে প্রধান শিক্ষকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় মামলা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৯
সিংগাইর উপজেলায় জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ্যাম সাহাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের ঘটনায় শনিবার রাতে ১০ আসামির নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। 
 
আসামিরা হলেন, লিটন, তানজিল, জহুরুল, মহিদুর, কোহিনুর, সাগর, তৌকির, ফরিদ, আল আমিন ও আনোয়ার। 
 
রবিবার কোহিনুর নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। 
 
এদিকে বাকি আসামিদের  গ্রেফতার এবং বখাটে নবম শ্রেণীর ওই ৫ ছাত্রীকে স্কুল থেকে  বহিস্কারের দাবিতে রবিবার সকাল ১১ টার দিকে জয়মণ্ডপ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময়  মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।
 
শিক্ষার্থীরা বখাটে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান পুলিশ সুপারের কাছে।
 
এদিকে গত শনিবার প্রধান শিক্ষক রাধেশ্যাম সাহাকে তার কক্ষে ঢুকে হামলা এবং মারধরের ঘটনায়  উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তারা রবিবার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক জরুরী বৈঠক করে।
 
সমিতির সভাপতি আক্রাম হোসাইন এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন এ সময় বক্তব্য রাখেন। বৈঠকে সোমবার দুপুর ১২ টার দিকে  উপজেলা সদরে মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।
 
ইত্তেফাক/এএন