আশুগঞ্জে ট্রাক চাপায় ঘরে ঘুমন্ত যুবক নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৩
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ডের কাছে সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ভোজন সরকার(৩০)। অপর এক যুবক আহত হয়েছে।
 
নিহত ভোজন সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মৃত হরমন সরকারের ছেলে। আহত ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে মাছ নিয়ে একটি ট্রাক সিলেটে যাওয়ার পথে আশুগঞ্জ খড়িয়ালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুটি দোকান ভেঙ্গে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটির চাপায় পড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ভোজন সরকার নিহত ও অপর এক যুবক আহত হয়।
 
আহত যুবককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ভোজন সরকার দীর্ঘদিন যাবত খড়িয়ালা থেকে কোইচ্ছা মাছ ধরে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
 
সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
 
লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 
 
ইত্তেফাক/এএন