বলেশ্বর নদী থেকে ২৮ জেলেসহ জাটকা বোঝাই ট্রলার আটক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২০
সোমবার ভোর রাতে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী থেকে ২৮ জেলেসহ  জাটকা বোঝাই ৩ টি ফিসিং ট্রলার আটক করেছে কোষ্টগার্ড। আটক ট্রলার বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে কোষ্টগার্ড জানিয়েছে।
 
কোষ্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরে অবৈধভাবে জাটকা শিকার করে এফবি ভাইবোন, এফবি মায়ের দোয়া ও নামবিহীন অপর একটি ট্রলার সুন্দরবনের সুপতি ষ্টেশন হয়ে ফিরছিল। এ সময় কোষ্টগার্ডের সদস্যরা নিয়মিত টহলকালে তাদের আটক করে কোষ্টগার্ড ষ্টেশনে নিয়ে আসে।
 
আটক ট্রলারে  ১৫/২০ মণ জাটকা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ৩টি ট্রলারে ২৮ জন জেলে রয়েছে। এদের বাড়ি পিরোজপুরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে ।
 
কোষ্টগার্ডের সুপতি ষ্টেশন ইনচার্জ পেটি অফিসার এমাদুল হক মোবাইল ফোনে জানান, জাটকা বোঝাই ট্রলার ৩টি ও তাদের জেলেদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বনবিভাগের সুপতি ষ্টেশন অফিসে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/এএন