যশোরে দুর্বৃত্তের হামলায় ভারতীয় নাগরিক নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৮
যশোরে দুর্বৃত্তদের হামলায় আয়ুব আলী (৪৫) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। তিনি ভারতের বয়রার কুলেনন্দনপুর গ্রামের বাহার আলীর পুত্র।
 
নিহতের মামাতো ভাই যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের বাসিন্দা মজিবর রহমান জানান, ‘তার ফুফাতো ভাই আয়ুব আলীর ভারতের বয়রা বাজারে একটি জুতার দোকান রয়েছে। তিনি ভিসা নিয়ে বাংলাদেশে এসে বিভিন্ন ব্যবসায়ীর কাছে জুতা বিক্রি করতেন। এজন্য চৌগাছার নিরিবিলি পাড়ায় একটি বাসা ভাড়া নেন।
 
মজিবর জানান, শুক্রবার যশোর সিটি কলেজে একজনের কাছে কিছু পাওনা টাকা আনতে যান। শনিবার তার (আয়ুব) পূর্ব পরিচিত যশোরের ডেন্টাল ডা. মুজিবর রহমান ফোনে জানান তাকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
সেখানে সোমবার ভোর সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
 
ডা. মুজিবর রহমান মোবাইলে জানান, নিহতের ভাই পল্লী বিদ্যুতের সাবেক এজিএম মৃত কামাল হোসেনের সূত্রে তাকে আমি চিনতাম। শনিবার যশোর কোতোয়ালি থানা থেকে ফোন করে বলা হয় ‘আপনার পরিচিত আয়ুব গুরুতর আহত। তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।’ আমি তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি করি। এবং তার পরিজনদের কাছে সংবাদ দেই।
 
তিনি বলেন, আয়ুবের থেকে শুনেছি, তিনি যশোর সিটি কলেজের হোস্টেলে কারো কাছে টাকা পেতেন। শুক্রবার সেখানে টাকা আনতে গেলে তারা তাকে মারধর করে গুরুতর আহত করে পুলিশের কাছে দেয়। এরপর পুলিশ আমাকে সংবাদ দেয়।
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ‘বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই।
 
ইত্তেফাক/এএন/ ইউবি