মুক্তিযোদ্ধা আকিল মাহমুদ আর নেই

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৬
বীর মুক্তিযোদ্ধা আকিল মাহমুদ সোমবার ভোরে বরগুনার পাথরঘাটা পৌর শহরের কলেজপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লা---রাজিউন)।
 
আকিল মাহমুদ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
 
পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মান্নান হাওলাদার জানান, মঙ্গলবার সকাল ৯টায় পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ছোট টেংরা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 
পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে প্রাপ্ত ও স্থানীয়ভাবে প্রচলিত তথ্যানুসারে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিকালীন আকিল মাহমুদের দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসায়। এ সময় বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের খেলার সঙ্গী ছিলেন আকিল মাহমুদ। সেই থেকে আকিল মাহমুদকে বঙ্গবন্ধু আদর করে ‘বড়খোকা’ বলে ডাকতেন।
 
বীর মুক্তিযোদ্ধা আকিল মাহমুদ বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
 
দেশ স্বাধীনের আগে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে তিনি পাকিস্তানের শিয়ালকোর্ট ৫ বেঙ্গলে (নম্বর-৩৯৩৮১৬৭) দায়িত্ব পালন করেছেন।
 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে ছুটি নিয়ে দেশে আসেন তিনি। এর পর ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাসস
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি