ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঝাউগাই গ্রামে ররিবার পাথর ছোঁড়া খেলা করছিল দুই সহপাঠী। এ সময় পাথরের আঘাতে স্কুলছাত্র সিফাত ইসলামের (৬) মৃত্যু হয়েছে। সে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামের মোঃ হযরত আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী ঝাউগাই গ্রামের নবী হোসেনের স্ত্রী হেলেনা খাতুন জানান, একই গ্রামের আব্দুল মজিদের পুত্র মো. ফয়সাল আহাম্মেদ (৬) ও সিফাত ইসলাম (৬) দু’জনই ঝাউগাই আলীম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
তিনি জানান, সিফাত শুধু সহপাঠী নয়, ফয়সালের ফুফাতো ভাই। স্কুলে ও স্কুলের ছুটি শেষে ওরা দু’জন এক সঙ্গে চলতো। ঘটনার সময় দুজনে পাথর ছোড়া খেলা করছিল। হঠাৎ সিফাত মাটিয়ে লুটিয়ে পড়ে।
এরপর সিফাতের নাক দিয়ে রক্ত বের হতে থাকে। প্রথমে বাড়িতে পানি ঢেলে ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
একমাত্র পুত্রের মৃত্যুতে শোকে বারবার মোর্ছা যাচ্ছিলেন মা শিরিনা আক্তার। হৃদয় বিদারক এ ঘটনায় নিহত স্কুলছাত্রকে দেখতে বাড়িতে মানুষ উপচে পড়ে।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হক সরকার জানান, অনাকাঙ্খিত ঘটনা, এ মৃত্যু মেনে নেয়া যায় না। ওরা একই পরিবারের।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোর্শেদুল হাসান খান বলেন, কোনো মামলা হয়নি। লিগ্যাল প্রসেসে লাশ দাফন করা হয়েছে।
ইত্তেফাক/এএন/ইউবি
