সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি মীরু কারাগারে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও বহিষ্কৃত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে তাকে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদ আলম তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
পরে পুলিশ তাকে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠিয়ে দেয়। কারাগারে পাঠানোর সময় প্রিজনভ্যানে উঠার সময় মিরু সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি গুলি করি নাই। আমি ষড়যন্ত্রের স্বীকার আপনারা বুঝে নেন।’
 
মামলাটি শাহজাদপুর থানা ও শাহজাদপুর আদালতে হলেও নিরাপত্তার কারণে তাকে (অংশ নথি বলে) সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এই আদালতের (সিরাজগঞ্জ সদর জিআরও) জেনারেল রেজিস্ট্রার অফিসার মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মেয়র হালিমুল হক মিরু ও তার দুই ভাইসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি গত শুক্রবার রাতে দায়ের করেন নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন নাহার। এর আগে ছাত্রলীগ নেতা বিজয়কে মারধরের ঘটনায় তার চাচা এরশাদ আলী বাদী হয়ে আরেকটি মামলা করেন।
 
মেয়রের দুই ভাইকে আগেই গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরো ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। মেয়রকে নিয়ে এ মামলায় মোট নয়জনকে গ্রেফতার করা হলো।
 
গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পরের দিন শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় সাংবাদিক শিমুল মারা যান।
 
এর আগে গ্রেফতারকৃত আট আসামি হলেন- মেয়র মিরুর ছোট ভাই পাবনা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু, ছোট ভাই হাসিবুল হক পিন্টু, পৌর এলাকার ছয়আনি গ্রামের আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দিন, বাড়াবিল গ্রামের আলমগীর হোসেন, নলুয়া গ্রামের আশরাফ ভূঁইয়া, নাজমুল খাঁ, শক্তিপুর গ্রামের জহির শেখ ও নলুয়া গ্রামের সাহেব আলী।
 
রবিবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য রেখেছে আদালত। এর আগে রবিবার রাতে পুলিশের একটি টিম শ্যামলীর একটি বাসা থেকে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুকে আটক করে।
 

ইত্তেফাক/এএম।