পত্নীতলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, শিক্ষক নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৭
নওগাঁর পত্নীতলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলিপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম কাজল (৩৫) নিহত হয়েছেন। এ সময় তার ছেলে আল-আমিন (৭) গুরুতর আহত হয়। 
 
মঙ্গলবার সকালে উপজেলার নকুচা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত কাজল পত্নীতলা উপজেলার কাজীপাড়া গ্রামের শফিউদ্দীনের ছেলে।
 
থানা সূত্রে জানা গেছে, জেলার সাপাহার থেকে সকালে ছেড়ে আসা ঢাকাগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পত্নীতলা দিয়ে যাচ্ছিল। সকাল ৯টার আগে কাজল নিজ বাড়ি থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে স্কুল যাচ্ছিলেন। পরে নকুচা মোড়ে পৌঁছালে ওই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাজল নিহত হন এবং তার ছেলে আল-আমিন গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 
 
পত্নীতলা থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাসটি আটক করা সম্ভব হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই