চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড মকিমাবাদ দাস বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসত-ঘর পুড়ে গেছে।
মঙ্গলবার সকালে দাস বাড়ির গোপাল দাসের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিস।
পুড়ে যাওয়া ঘর গুলো হলো- মকিমাবাদ দাস বাড়ির গোপাল দাস, সুজন সরকার, নিমাই চন্দ্র সরকার, অনিল চন্দ্র সরকার, উত্তম দাস ও জয়দেব দাসের বসত ঘর। এদের মধ্যে উত্তম ও জয়দেব দাসের বসত-ঘরের আংশিক ক্ষয়-ক্ষতি হয়েছে। অন্যান্যদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গোপাল দাস বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ী প্রবেশ করতে না পারায় বেশি ক্ষতি হয়েছে। যাতায়াত ব্যবস্থা না থাকায় দাস বাড়ি ফায়ার সার্ভিস প্রবেশ করতে বিলম্ব হয়েছে বলে স্বীকার করেছেন পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা।
পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে এক বান টিন ও ১০ কেজি করে চাউল দেয়া হয়েছে।'
ইত্তেফাক/এসএস
