মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সই বিকল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:১৮
কুমিল্লা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে পুকুরের পাড়ে খোলা আকাশের নিচে দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে অ্যাম্বুলেন্সগুলো। অ্যাম্বুলেন্সগুলো বিকল হওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার রোগীরা। স্থানীয়দের অভিযোগ রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবেই গাড়িগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্বাস্থ্য সেবার কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহতসহ ক্রমশ হ্রাস পাচ্ছে স্বাস্থ্য সেবা।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, যান্ত্রিক ক্রটির কারণে ২০০৬ সালে বিকল হয় একটি অ্যাম্বুলেন্স। দীর্ঘ সময় অচল পড়ে থাকায় ইঞ্জিন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে ২০১৩ সালে অচল হয়ে খোলা আকাশের নিচে পড়ে আছে আরো একটি অ্যাম্বুলেন্স। রক্ষণাবেক্ষণের অভাবে অ্যাম্বুলেন্স দুটির যন্ত্রাংশও চুরি করে একটি চক্র বিক্রি করে দিয়েছে। উপজেলায় প্রায় ১৫ লাখ লোকের বসবাস। তাদের দ্রুত চিকিৎসা সেবা দেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে সচল রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। এতে উপজেলার ২২টি ইউনিয়নের বসবাসরত প্রায় ১৫ লাখ মানুষের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠির হাজার হাজার লোকের ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগী চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স অকেজো অবস্থায় পড়ে থাকায় মুমূর্ষ রোগীদের চিকিৎসায় কাজে লাগছে না।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহের জানান, এখানে বর্তমানে তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে দু’টি অচল হয়ে আছে। বিকল অ্যাম্বুলেন্স সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই