নাটোরে ৬ ঘরে অগ্নিকাণ্ড, দগ্ধ ১

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০০
 
নাটোরের সিংড়া উপজেলার সীমান্তবর্তী ভুলবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর ও ৩২টি গবাদি পশুসহ বাড়ির জিনিসপত্র পুড়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন শেফালী বেগম (৪০) নামে এক গৃহবধূ।
 
শেফালীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন ঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ আনে। খবর পেয়ে সকালে এডিসি মো. মনিরুজ্জামান, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদেকুর রহমান, পিআইও কর্মকর্তা সৈয়দ আরিফুল ইসলাম, ছাতারদীঘি ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রুদ্ধসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন যান।
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের মৃত ওজিমুদ্দিনের ছেলে আজাদুল ইসলাম, আলতাফ হোসেন, আফতাব হোসেন, আশরাফুল ইসলাম ও আসাদুল ইসলাম। অগ্নিদগ্ধ শেফালী বেগম মৃত ওজিমুদ্দিনের বড় ছেলে আজাদুল ইসলামের স্ত্রী।
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদেকুর রহমান বলেন, 'ক্ষতিগ্রস্তদের দ্রুত ৩ বান্ডিল টিন ও নগদ ৯ হাজার টাকা করে দেয়া হবে।'
 
ইত্তেফাক/এসএস