স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে দেশের বিপিও খাতের উন্নয়নে কাজ কাজ করার ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট (এসিসিএ)। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এসিসিএ বাংলাদেশ আয়োজিত ‘বিপিও খাতের উন্নয়নে পেশাজীবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্য) এর সাধারন সম্পাদক জনাব তৌহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসিসিএ বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার - স্ট্র্যাটেজিক রিলেশনস্ জনাব সৈয়দ আসিফ আজিজ।
অনুষ্ঠানে এসিসিএ রিজিওনাল ডিরেক্টর ফর মিডেল ইস্ট নর্থ আফ্রিকা সাউথ এশিয়া জনাব স্টুয়ার্ট ডানলোপ, এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশিদ, ডাক, এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার জনাব সামি আহমেদ, বিশ্ব ব্যাংকের লিড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট সুরাইয়া জান্নাত, বাক্য’র প্রেসিডেন্ট জনাব আহমাদুল হক, বাক্য’র ভাইস প্রেসিডেন্ট জনাব ওয়াহিদুর রহমান শরীফ প্রমূখ।
প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ সরকার তৈরি পোশাক খাতের পরবর্তী অগ্রাধিকার হিসেবে তথ্যপ্রযুক্তি (আইটি) ও বিপিও খাতকে ঘোষণা করেছে। বর্তমানে ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং আউটসোর্সিং বিপিও খাতের একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরো বলেন, পেশাজীবী সংগঠনগুলোর সমন্বয়ে দেশের বিপিও খাতকে আরো সম্প্রসারণ ও গতিশীল করা সম্ভব। বিভিন্ন খাতে বিশেষ করে সরকারের তত্ত্বাবধানে পরিচালনাধীন ফাইন্যান্স সার্ভিসকে নৈতিক, দক্ষ ও কার্যকর করা অত্যাবশ্যক।
গ্লোবাল ও আঞ্চলিক প্রেক্ষাপট, বিপিও খাতের উন্নয়নে এসিসিএ সদস্য ও প্রফেশনাল নেটওয়ার্কের ভূমিকা, ফাইন্যান্স অ্যাকাউন্টিং আউটসোর্সিংয়ে শিল্প দক্ষতার (ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স) ভূমিকা শীর্ষক বিষয়ে আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব সৈয়দ আসিফ আজিজ, এসিসিএ।
ইত্তেফাক/এমএআর
