বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৮
বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেল ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতাসহ দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক ও তার চালককে গ্রেফতার করেছে।
 
নিহতরা হলেন— ওসমান (৩৫), সোহাগ (৩২)। ওসমান মংলা পৌর যুবলীগের সদস্য। এদের সবার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায়।
 
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ওসি আব্দুল মান্নান ফরাজী বলেন, বাগেরহাট থেকে মংলার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ওসমান ও সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া হায়দার গুরুতর আহত হন।
 
মোটরসাইকেল আরোহীরা মংলা থেকে খুলনায় যাচ্ছিলেন। স্থানীয় লোকজন হায়দারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ট্রাক ও তার চালককে রামপালের ভরসাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
 
মংলা উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান জসিম বলেন, ওসমান আলী মংলা পৌর যুবলীগের সদস্য। তিনি তার ব্যক্তিগত কাজে মংলা থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন।
 
ইত্তেফাক/এএম।