যেকোন মূল্যে মার্কেটটি ভেঙে শপিংমল বানাতে হবে: হানিফ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:৪৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যেকোন মূল্যে গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজার ভেঙে আন্তর্জাতিক মানের শপিং মল বানাতে হবে। 

শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ওই কাঁচাবাজারের দেড়’শর মতো দোকানের সবগুলোই ভস্মীভূত হয়েছে। সকালে এ অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন শেষে হানিফ সাংবাদিকদের আরও বলেন, ‘এই মার্কেটটি ভেঙে আন্তর্জাতিক মানের শপিং মল করার কথা ছিল। যেকোনও কারণে এটা হয়নি। কিন্তু এখন জনগণের স্বার্থে যেকোনও মূল্যে এটাকে ভেঙে মার্কেট তৈরি করতে হবে।’

হানিফ বলেন, ‘কাঁচাবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারা আজকেই সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।’ তিনি আরও বলেন, ‘যেসব ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের বিষয়ে সিটি করপোরেশন খোঁজ খবর নিচ্ছে।’ এর আগে তিনি কাঁচা মার্কেটে পুড়ে যাওয়া দোকান মালিকদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন।

আরও পড়ুন: কঠোর হচ্ছে ফেসবুক লাইভের নিয়ম

২০১৭ সালের ৩ জানুয়ারি ডিএনসিসি মার্কেটটিতে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে গিয়েছিল। দুই বছর আগের অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর তত্কালীন মেয়র প্রয়াত আনিসুল হক বলেছিলেন, ডিএনসিসি মার্কেট ভেঙে শপিং মল তৈরি করা হবে। এবার দ্বিতীয় দফায় অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সেটা পুনর্ব্যক্ত করেন।

ইত্তেফাক/এমআই