কেরাণীগঞ্জে বিদেশি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ আটক ১

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭
ঢাকার কেরানীগঞ্জে বিদেশি অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ মোঃ জসিম উদ্দিন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
 
মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর কড়েরগাঁও এলাকার একটি ছয়তলা ভবন থেকে তাকে আটক করা হয়।
 
ডিবির পরিদর্শক আবুল বাশারের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এ সময় তাকে সহযোগিতা করেন এসআই খন্দকার খালিদ হোসেন, বিপুল চন্দ্র দাশ ও সালাহ উদ্দিন। 
 
এসআই রবি চরণ চৌহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আব্দুল্লাহপুর এলাকার কড়েরগাঁয়ে জসিম নামে ঐ ব্যক্তি নিজ হেফাজতে রিভলবার রেখে অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়তলা ভবনের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। 
 
পরে তার তথ্য অনুযায়ী একটি ফাইল কেবিনেটের ড্রয়ার থেকে বার্মার তৈরি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় জসিমের বিরুদ্ধে অস্ত্র আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে ঐ পুলিশ কর্মকর্তা জানান।
 
ইত্তেফাক/এএন