গাজীপুরে বন্দুক, গুলি ও ইয়াবা টেবলেটসহ দুই ব্যাক্তিকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- গাজীপুর মহানগরীর আউটপাড়া এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. আশরাফুল আলম প্রিন্স (৩৬) ও মজলিশপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মো. মামুন হোসেন (৩০)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে গাজীপুর জেলা শহরের শিববাড়ি এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যাক্তিগত গাড়িসহ আশরাফুল আলম প্রিন্সকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে আরো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ রাউন্ড বন্দুকের গুলি, পয়েন্ট টু-টু বোর পিস্তলের ৫৭ রাউন্ড গুলি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। পরে পুলিশ মজলিশপুর এলাকা থেকে তার সহযোগী মামুনকে আটক করে। এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএম।
