সুন্দরবনে অবৈধভাবে মৎস আহরণের অভিযোগে আটক ২৮ জেলেকে জেলহাজেত পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, কোস্টগার্ড পশ্চিম জোনের সুপতি স্টেশন কর্মকর্তা মো. এমাদুল হকের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা রবিবার রাতে বলেশ্বর নদীর মাঝেরচর এলাকায় অভিযান চালায়। এ সময় এফবি মায়ের দোয়া, এফবি মা-বাবার দোয়া ও নামবিহীন একটিসহ ৩টি ট্রলার ওই এলাকায় মাছ শিকার করছিল।
পরে তিন ট্রলারসহ থাকা ২৮ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া ও ইন্দুরকানী উপজেলার বিভিন্ন এলাকায়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহম্মদ হোসেন জানান, অবৈধ অনুপ্রবেশকারী ওই জেলেদের রবিবার রাতে কোস্টগার্ড সদস্যরা আটক করে। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে (আজ) আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএন
