শ্রীনগরে স্বামীকে হত্যা করে থানায় এসে স্ত্রীর আত্মসমর্পন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৯
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পন করেছে এক স্ত্রী। 
 
মঙ্গলবার সকালে ঘাতক স্ত্রী মাজেদা বেগম (৩২) শ্রীনগর থানায় এসে দায়িত্বরত পুলিশ অফিসারকে জানায়, সে তার স্বামী অলিউল্লাহ (৩৮) কে হত্যা করে ঘরে তালা দিয়ে রেখে এসেছে।
 
মাজেদা বেগমের দেওয়া তথ্য অনুসারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহর বসত ঘরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করে। এ সময় অলিউল্লাহর হাত-পা ওড়না দিয়ে বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। 
 
জানা গেছে, মঙ্গলবার রাতে অলি আহমেদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। এর আগেই স্ত্রী তাকে হত্যা করে।
 
অলিউল্লাহর পরিবার ও স্থানীয়রা জানায়, অলিউল্লাহ আঠার বছর ধরে সৌদি আরব প্রবাসী। মাঝে মাঝে তিনি দেশে আসতেন। চৌদ্দ বছর আগে হাসাড়া গ্রামের নুরু খলিফার মেয়ে মাজেদা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 
 
প্রবাসে থেকে অলিউল্লাহ স্ত্রীর নামে প্রায় অর্ধ কোটি টাকার জমি কেনেন। সর্বশেষ গত তিন মাস পূর্বে অলিউল্লাহ দেশে এসে ওই জমি বিক্রি করে ব্যবসা করতে চাইলে স্ত্রী তাতে বাঁধ সাধে। উপায় না দেখে অলিউল্লাহ পুনরায় সৌদি আরব যাওয়ার চেষ্টা করে। স্ত্রী তাতেও বাঁধা দেয় এবং ভিসা সহ অলিউল্লাহর পাসপোর্ট ছিঁড়ে ফেলে। 
 
এ নিয়ে হাসাড়া ইউনিয়ন পরিষদে সালিশ হয়। পরে অলিউল্লাহ পুনরায় পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়ার উদ্যোগ নেয়। বিদেশ যাওয়ার আগের রাতে তাকে স্ত্রী মাজেদা বেগম খুন করে।
 
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এএন