টাঙ্গাইলের মির্জাপুরে চোলাই মদের কারখানা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৫
টাঙ্গাইলের মির্জাপুরে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মির্জাপুর থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে তা ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
গতকাল সোমবার রাতে পৌরসভার কাঁচা বাজারের উত্তর পাশের পুষ্টকামুরি গ্রামের একটি বাড়ি থেকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন অভিযান চালিয়ে এ চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার করেন। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
 
জানা গেছে, মির্জাপুর পৌর সদরের কাঁচাবাজারের উত্তর পাশে কয়েকটি বাড়িতে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে তা বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।
 
বিভিন্ন সময় পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জেল ও জরিমানা আদায় করলেও তা বন্ধ হচ্ছে না। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় ঐ এলাকায় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে চোলাই মদ তৈরির কারখানা গড়ে তুলে মাদক ব্যবসা করে আসছে।চোলাই মদের পাশাপাশি এখানে ফেনসিডিল, বিয়ার, বিদেশী মদ, গাঁজার ব্যবসা জমজমাট।
 
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই বাড়িতে অভিযান চালান।
 
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, আমি কিছুদিন আগে যোগদান করেছি। গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান শুরু করেছে। কোনো অবস্থায় অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
ইত্তেফাক/এএন