নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় বুধবার ভোরে কাগজ ভর্তি একটি ট্রাক খাদে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
নিহতরা হলেন, মাদারীপুর জেলার কেন্দুয়া গ্রামের আবুল বাশারের ছেলে অপু হাওলাদার (২২) এবং একই এলাকার হোসেন চৌকিদারের ছেলে ওবায়দুল (৩০), পটুয়াখালী জেলার গলাচিপা থানার উলানিয়া গ্রামের রফিক মজুমদারের ছেলে আবু তাহের (২০) এবং একই জেলার রাঙ্গাবালি থানার চরমোমতাজ গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মোশাররফ হোসেন (৩০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহতরা স্থানীয় মোস্তফা গ্রুপের শ্রমিক। ট্রাকটি কাগজ ভর্তি করে নিয়ে যাওয়ার সময় আষাঢ়িয়ারচর প্রাইমারি স্কুলের পাশে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
ইত্তেফাক/এসএস
