রোগীর দেহে ১৩০ পাউন্ডের টিউমার পেলেন চিকিৎসক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৬
মিসিসিপির এক ব্যক্তির দেহ থেকে ১৩০ পাউন্ড ওজনের টিউমার কেটে বাদ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক। বাকী সব জায়গায় চিকিৎসকরা জানিয়েছিলেন, ওই ব্যক্তির দেহের মধ্যে থাকা টিউমারটি চর্বি ছাড়া আর কিছু নেই।
 
ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড মেমোরিয়াল হাসপাতালে ৩১ জানুয়ারি রজার লোগান (৫৭) নামের ওই ব্যক্তির টিউমারটি সার্জারি করে বাদ দেওয়া হয়। কিছুদিন হাসপাতালে থাকার পরে আবার তিনি মিসিসিপিতে নিজের বাড়িতে ফিরতে পারবেন।
 
রজারের চিকিৎসক জানান, নিম্নাঙ্গে একেবারে ছোট অবস্থায় ধরা পড়ে টিউমারটি। পরে তা বাড়তে বাড়তে অনেকটা বড় হয়ে যায়। প্রায় একদশক ধরে রজারের দেহে টিউমারটি বাড়ছিল।
 
এর আগে যত জায়গায় রজায় চিকিৎসা করিয়েছিলেন সব জায়গায় চিকিৎসকরা জানান, এটা চর্বি ছাড়া আর কিছু নয়। এদিকে, টিউমারটি বাড়তে বাড়তে এত বড় হয়ে যায় যে, রজার চেয়ারে বসলে টিউমারটি নিচে ঠেকে যেত।
 
IMG0
 
টিউমারটি ১৩০ পাউন্ড (৬০ কেজির কম-বেশি) হয়ে গেলে চিকিৎসকরা বলেন, এটি অপারেশন করলে রজারের বাঁচার আশা প্রায় নেই বললেই চলে। তবে হাল ছাড়েননি রজারের স্ত্রী কিটি লোগান। তিনি এরপরে খোঁজ করেন চিকিৎসক বিপুল দেবের। এরপরে মিসিসিপি থেকে ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে ক্যালিফোর্নিয়া এসে চিকিৎসা করান রজার।
 
আর এখন তার টিউমার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। আগামী কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে স্বাভাবিক জীবন শুরু করবেন বলে আশা করছেন।
 
অপারেশনের পরে অভিভূত রজার জানিয়েছেন, 'বহুদিন দুটো পা এক জায়গায় করতে পারিনি। এবার তা পারব। আমি খুব খুশি।' সূত্র- টাইমস অফ ইন্ডিয়া ও ওয়ান ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/এএম