যশোরের শার্শা উপজেলা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে অপর মোটরসাইকেল আরোহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত আসানুর রহমান (২৭) গোগা গ্রামের আলা উদ্দীনের ছেলে। আহত আব্দুল্লাহ্ (২৩) একই গ্রামের আজিবারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে ব্যবসায়ী আসানুর উপজেলার বাগআচড়া বাজার থেকে মোটরসাইকেলে করে সঙ্গী আব্দুল্লাহকে নিয়ে নিজ বাড়ি গোগা গ্রামে ফিরছিলেন। বসতপুর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আসানুর নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী আব্দুল্লাহ আহত হন। আসানুরের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্
