প্রযুক্তি খাতে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, সরকারি সেবাকে ডিজিটাল প্লাটফর্মে রূপায়ণের লক্ষ্যে সহযোগিতা করবে দেশীয় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
বুধবার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা জানান বাংলালিংকের মাদার কনসার্ন ভিম্পেলকম কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী জিন ইভস চার্লিয়ার।
এবিষয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আইসিটি ডিভিশনের সাথে বাংলালিংক সর্বপ্রথম অংশীদারিত্বের ভিত্তিতে জনতা টাওয়ারে স্টার্ট-আপদের জন্য ইনকিউবিশন সেন্টার স্থাপন করেছে। আমরা চাই, এই সহযোগিতা অব্যাহত থাকুক।’
জিন ইভস বলেন, ‘সরকারের ভিশন ও বাংলালিংকের ভিশন একই প্রকৃতির। তাই, বাংলালিংক সরকারের যে কোন ডিজিটাল এজেন্ডায় অংশ নিতে চায়।’
অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল বারীসহ চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/সেতু/মাহাদী
