ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন চিকিৎসকরা।
 
সোমবার মধ্যরাতে জরুরি বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. মো. জাকির হোসাইনের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার ধর্মঘট পালন হয়।  এ ঘটনায় ডা. মো. জাকির হোসাইন বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেন।
 
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, এই কর্মসূচি চলাকালে জরুরি ও অন্তঃবিভাগের অফিসিয়াল কার্যক্রম অব্যাহত থাকবে। তবে অন্তঃবিভাগে নতুন কোন রোগী ভর্তি করা হবে না।
 
উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে উপজেলার কাড়াহা গ্রামের রজব আলী নামে এক যুবক তার মা আয়শা খাতুনকে (৬০) হৃদরোগ জনিত সমস্যায় চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাকির হোসাইন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতলে স্থানান্তরের পরামর্শ দিলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসা না দেয়ার অভিযোগ এনে আয়শা খাতুনের লোকজন অতর্কিত কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এসে রিয়াদসহ (২৫) আরো একজন আহত হয়।
 
ইত্তেফাক/সালেহ