বিকেএসপি-শাইনপুকুর ম্যাচ টাই
স্পোর্টস রিপোর্টার
গেল কয়েক বছরের তুলনায় এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বেশ শক্তিশালী দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ভাগ্য পরিবর্তন হচ্ছে না সাদা কালো শিবিরের। প্রিমিয়ার লিগে চলতি বছর টানা তিন ম্যাচ জয়ের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মোহামেডান। শেষ চার ম্যাচেই হেরেছে দলটি।
গতকাল মোহামেডান ভক্তদের মনোবেদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে প্রথম বিভাগ থেকে উঠে আসা উত্তরা স্পোর্টিং ক্লাব। বিকেএসপিতে প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে গতকাল উত্তরা স্পোর্টিং সাত উইকেটে পরাজিত করেছে রকিবুল-আশরাফুলদের মোহামেডানকে। সাত ম্যাচে এটি তাদের চতুর্থ হার। উত্তরা স্পোর্টিংয়ের দ্বিতীয় জয়।
গতকাল ফতুল্লায় হয়েছে দারুণ লড়াই। বিকেএসপি-শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচটি টাই হয়ে গেছে। শেষ ৬ বলে ১০ রান দরকার ছিল শাইনপুকুরের। চার বলেই এসেছিল সাত রান। পরের দুই বলে দুটি রান আসলেও রানআউট হয়েছেন দুই ব্যাটসম্যান। তাতেই ম্যাচ টাই হয়ে যায়। লিগে দুই দলেরই দুটি করে জয় আছে।
বিকেএসপিতে টসে হেরে আগে ব্যাট করা মোহামেডান ৪৫.১ ওভারে ১৯৩ রানে অলআউট হয়েছিল। ৬৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন আশরাফুল-নাদিফ চৌধুরী। তারা ৬২ রান যোগ করলেও রান তোলার গতি ছিল শ্লথ। আশরাফুল ২৮, নাদিফ ৩৯, অভিষেক মিত্র ২১, মজিদ ১৭, ইরফান শুক্কুর ১৬ রান করেন। শেষদিকে শফিউল ২৯, কাজী অনিক ১৪ রান করেন। উত্তরা স্পোর্টিংয়ের আব্দুর রশিদ, আসাদুজ্জামান তিনটি করে, সাজ্জাদ হোসেন দুটি করে উইকেট নেন।
জবাবে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ৪০ ওভারে তিন উইকেটে ১৯৪ রান তুলে ম্যাচ জিতে নেয় উত্তরা স্পোর্টিং। লিস্ট-এ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন বাংলাদেশ যুব দলের ওপেনার তানজিদ। ১২০ বলে অপরাজিত ১০১ রান (১০ চার, ৩ ছয়) করেন তিনি। আনিসুল ৩৭, মোহিমিনুল ২২, শাকির অপরাজিত ১৭ রান করেন। মোহামেডানের শাহাদাত নেন দুটি উইকেট। তানজিদ ম্যাচ সেরার পুরস্কার পান।
ফতুল্লায় আগে ব্যাট করে আট উইকেটে ২২২ রান তুলেছিল বিকেএসপি। প্রান্তিক নওরোজ ৮১, আব্দুল কাইয়ুম ৭০, আমিনুল ৩৫ রান করেন। শাইনপুকুরের দেলোয়ার তিনটি, শরীফুল দুটি উইকেট নেন। উন্মুক্ত চাঁদের হাফ সেঞ্চুরির পরও নয় উইকেটে ২২২ রানের বেশি তুলতে পারেনি শাইনপুকুর। উন্মুক্ত চাঁদ ৭৪, সাদমান ৪৫, সাব্বির হোসেন ৩৬, আফিফ ২৭ রান করেন। বিকেএসপির হাসান মুরাদ তিনটি, আব্দুল কাইয়ুম দুটি করে উইকেট নেন। অলরাউন্ড পারফরম্যান্সে আব্দুল কাইয়ুম ম্যাচ সেরা হন।
n সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান স্পোর্টিং ক্লাব-উত্তরা স্পোর্টিং ক্লাব
মোহামেডান: ৪৫.১ ওভারে ১৯৩ (নাদিফ ৩৯, শফিউল ২৯, আশরাফুল ২৮, অভিষেক মিত্র ২১, মজিদ ১৭, ইরফান শুক্কুর ১৬, কাজী অনিক ১৪; রশিদ ৩/৩২, আসাদুজ্জামান ৩/৫৩, সাজ্জাদ ২/২৭, আনিসুল ১/৩২)
উত্তরা স্পোর্টিং: ৪০ ওভারে ১৯৪/৩ (তানজিদ হাসান ১০১*, আনিসুল ৩৭, মোহিমিনুল ২২, শাকির ১৭*; শাহাদাত ২/৩৫, সোহাগ গাজী ১/৪৮)। ফলাফল: উত্তরা স্পোর্টিং সাত উইকেটে জয়ী
বিকেএসপি-শাইনপুকুর ক্রিকেট ক্লাব
বিকেএসপি: ৫০ ওভারে ২২২/৮ (প্রান্তিক নওরোজ ৮১, আব্দুল কাইয়ুম ৭০, আমিনুল ৩৫, আকবর আলী ১১; দেলোয়ার ৩/৩৩, শরীফুল ২/৪২, সোহরাওয়ার্দী ১/৩৯, আফিফ ১/৫০)
শাইনপুকুর: ৫০ ওভারে ২২২/৯ (উন্মুক্ত চাঁদ ৭৪, সাদমান ৪৫, সাব্বির হোসেন ৩৬, আফিফ ২৭, ধীমান ১৪; হাসান মুরাদ ৩/৪১, আব্দুল কাইয়ুম ২/৩১, শামীম ১/৩০)
ফলাফল: ম্যাচ টাই
