ধর্ষণচেষ্টা ও স্কুলছাত্রীকে অপদস্ত করায় এএসআই ক্লোজড

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৬
যশোরের বাঘারপাড়ার ভিটাবল্ল্যা পুলিশ ফাঁড়ির টুআইসি জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 
 
এক নারীকে ধর্ষণচেষ্টা ও অপমানিত এক স্কুলছাত্রী আত্মহত্যা চেষ্টার অভিযোগের পর বুধবার এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।  
 
অভিযোগে জানা গেছে, বাঘারপাড়ার ভিটাবল্ল্যা পুলিশ ফাঁড়ির টুআইসি এএসআই জাহাঙ্গীর আলম বেশ কিছুদিন ধরে এক নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪ ফেব্রুয়ারি গভীর রাতে ওই নারীর বাড়িতে প্রবেশ করে জাহাঙ্গীর আলম ধর্ষণ চেষ্টা চালায়। 
 
এরপর গত মঙ্গলবার বিকালে ভিটাবল্ল্যা গ্রামের দুই স্কুলছাত্রীকে আটক করেন টুআইসি জাহাঙ্গীর আলম। পরে পরিবারের সদস্যরা দেনদরবার করে তাদের মুক্ত করেন। এই অপমান সইতে না পেরে বুধবার এক ছাত্রী বিষপান করে। তিনি বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুই অভিযোগের প্রেক্ষিতে টুআইসি জাহাঙ্গীর আলমকে ক্লোজড করা হয়। 
 
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
 
 
ইত্তেফাক/উজ্জল