বিপাকে হাফিজের বিশ্বকাপ

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে ছাড়াই হয়ত বিশ্বকাপ খেলতে যেতে হতে পারে পাকিস্তানকে। কারণ, চলতি সপ্তাহের শুরুতেই ইংল্যান্ডের ম্যানচেস্টারে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন তিনি।

৩৮ বছর বয়সী হাফিজের অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ওঠার জন্য সপ্তাহ দুয়েকের জন্য বিশ্রামে থাকতে হবে। এরপর তিনি অনুশীলন শুরু করতে পারবেন।

এদিকে পাকিস্তানের কোস মিকি আর্থার সাফ বলে দিয়েছেন যে, বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার জন্য ক্রিকেটারদের আগামী ১৪ এপ্রিলের মধ্যে নিজেদের ফিটনেসের পরীক্ষা দিতে হবে। এখন ১৪ এপ্রিলের মধ্যে হাফিজের ফিটনেসের পরীক্ষা আদৌ দিতে পারেন কি না, আজ পরীক্ষা দিলেও তাতে পাস করতে পারেন কি না এখন সেটাই দেখার ব্যাপার।

সম্প্রতি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৫৫ টি টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন হাফিজ। এছাড়া সাবেক এই অধিনায়ক ২০৮ টি ওয়ানডে ও ৮৯ টি টি-টোয়েন্টি খেলেছেন।

জানা গেছে, একটু আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছে যাবে পাকিস্তান দল। আগামী ২৪ এপ্রিল ইংল্যান্ডের বিমানে উঠবে তারা। কারণ,বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান দল। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। এর আগে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে আইসিসি আয়োজিত দু’টো প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি। ফলে, বলাই যায় যে, বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের বিস্তর সুযোগ পাচ্ছে দলটি।

তবে, এই অবস্থায় হাফিজের ইনজুরি নতুন করে শঙ্কার মুখে ফেলেছে পাকিস্তান দলকে। হাফিজের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘হাফিজকে দ্বিতীয়বারের মতো আঙুলের অস্ত্রোপচার করাতে হয়েছে। তবে, ওর বাঁ-হাতের বুড়ো আঙুলটা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। ফলে, সার্জন মাইক হেয়টন ওকে পুরোপুরি বিশ্রামে থাকতে ও পরবর্তী সময়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র দাবি করেছে, যদি কোচ আর্থার ও প্রধান নির্বাচক ইনজামাম উল হক রাজি থাকেন, তাহলে হাফিজের ব্যাপারে আইসিসির ডেডলাইন পর্যন্ত অপেক্ষা করতে পারে সংস্থাটি। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে এখনো আমাদের হাতে বিস্তর সময় আছে। এখন বিষয়টা নির্ভর করছে আর্থার ও ইনজামামের সিদ্ধান্তের ওপর। ওরা যদি মনে করে যে, হাফিজের দলে থাকাটা বিশ্বকাপে আমাদের জন্য জরুরি তাহলে অপেক্ষা করতে ক্ষতি কি।’

আর সবচেয়ে ইতিবাচক ব্যাপার হলো, ইনজামাম আগেই বলে রেখেছেন যে, হাফিজ পাকিস্তানের বিশ্বকাপ পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। তবে, এটা নিশ্চিত যে, শতভাগ ফিট হাফিজকে বিশ্বকাপের মঞ্চে পাওয়া খুবই কঠিন হবে দলটির জন্য।