ট্রাম্পের নির্দেশে তুরস্কে যাচ্ছেন সিআইএ প্রধান

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ০১:০১


‘কৌশলগত মৈত্রী’ জোরদারে সিআইএ প্রধানকে তুরস্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি খরবটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ট্রাম্পের নির্দেশে তুরস্কে যেতে পারেন সিআইএ’র নতুন পরিচালক মাইক পম্পেও। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রবজ তায়িব এরদোয়ানের ফোনালাপের সময় এই সিদ্ধান্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত মৈত্রী’র প্রসঙ্গ উল্লেখ করেন।  

পলিটিকোর খবরে এপির বরাত দিয়ে বলা হয়েছে, সিআইএ’র নতুন পরিচালক মাইক পম্পেও তুরস্ক সফরে গিয়ে নিরাপত্তা ইস্যু, যুক্তরাষ্ট্রভিত্তিক তুর্কি ধর্মপ্রচারক ফেতুল্লা গিলান, সিরীয় কুর্দি ওয়াইপিজি বাহিনীর প্রতি সমর্থন দেওয়া-না দেওয়ার ব্যাপারে আলোচনা হবে। একইভাবে তুরস্কের সরকারী সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিআইএ’র নতুন পরিচালক মাইক পম্পেও সিরীয় কুর্দি বাহিনী ওয়াইপিজিকে নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার তুরস্ক সফর করতে পারেন।

ইত্তেফাক/এসএস্‌এ