নেপাল-যাত্রায় জয়ই লক্ষ্য আবাহনীর

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী আবাহনী এএফসি কাপে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠাকে লক্ষ্য হিসেব স্থির করছে। এ লক্ষ্য সামনে নিয়ে দলটি প্রতিযোগিতার ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম প্রতিপক্ষ মানাং মার্শিয়াংদিকে হারাতে আজ সকালে নেপাল যাচ্ছে।

আগামী বুধবার কাঠমান্ডুতে খেলাটি অনুষ্ঠিত হবে। আবাহনীর কোচ মারিও লেমোস এবং অধিনায়ক শহীদুল আলম সোহেল উভয়েই তিন পয়েন্টের লক্ষ্যেই দলটি মাঠে নামবে বলে জানিয়েছেন। এ জন্য তারা গত মৌসুমে আইএসএলে (ইন্ডিয়ান সুপার লিগ) দারুণ নৈপুণ্য দেখানো ব্রাজিলীয় ফরোয়ার্ড ওয়েলিংটন প্রিওরিকে দলভুক্ত করেছে।

আবাহনী ঘরোয়া ফুটবলের সফলতম দল হিসেবে বাংলাদেশি ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাতবার এএফসির প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে এএফসি কাপে দু’বার ও এএফসি প্রেসিডেন্ট কাপে খেলেছে পাঁচবার। তবে এর কোনটিতেই গ্রুপ পর্বের গন্ডি পেরোতে পারেনি দলটি। তবে এবার সে বাধা টপকাতে চায় কোচ লেমোসের দল।

এবার গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ হিসেবে নেপালের ক্লাবটি ছাড়াও আছে ভারতের চেন্নাইয়িন এফসি ও মিনার্ভা পাঞ্জাব। গ্রুপ পর্বের বাধা পেরোনোর কাজটা খুব সহজ হবে বলে মনে করছেন না লেমোস। এ কারণেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শুরু করার ব্যাপারে জোর দিচ্ছেন পর্তুগীজ এই কোচ।

গতকাল শনিবার বাফুফে ভবনে সফরপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ভালোভাবেই শুরু করতে চাই। প্রতিপক্ষকে ভালোভাবে জানতে চেষ্টা করেছি, তাদের শক্তিমত্তা ও দুর্বলতা জেনে ছেলেদের প্রস্তুত করতে চেয়েছি। শুরুটা ভালোভাবে করতে পারলে দূরযাত্রায় আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনবে সেটা।’

কোচের কথা প্রতিধ্বনিত হলো অধিনায়ক সোহেলের কণ্ঠেও। তিনি বলেন, ‘এএফসি কাপের ম্যাচকে সামনে রেখে এক সপ্তাহ আগ থেকেই কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করেছি আমরা। এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্টই লক্ষ্য আমাদের।’

প্রিমিয়ার লিগে এ মৌসুমে দশ ম্যাচ খেলে আটটিতে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষ তিনের বাকি দুই দল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে হারের কবলে পড়েছিলেন শহীদুলরা। কোচ লেমোস জানালেন, সে ভুলগুলোর পুনরাবৃত্তি চলবে না মানাংয়ের মাঠে।

আবাহনী কোচের ভাষায়, ‘প্রিমিয়ার লিগের বড় ম্যাচগুলোয় হারার বড় কারণ ছিল সহজ গোল হজম করা। নেপালে সেটা করা যাবে না মোটেও। সেখানে দলকে নিখুঁত দেখতে চাই, সেজন্যে দল হিসেবে সুসংগঠিত হতে হবে আমাদের।’

চোটের কারণে এই ম্যাচে তপু বর্মনকে পাচ্ছে না আবাহনী রক্ষণভাগ। তবে বদলী খেলোয়াড়দের উপর আস্থা রাখতে চাইলেন কোচ। লেমোস বলেন, ‘চোটের কারণে তপু নেই। তার বদলে বাদশা (টুটুল হোসেন) যাচ্ছে। তবে আমার বিশ্বাস, তার জায়গায় যেই নামবে তার অভাব পূরণ করতে পারবে।’

কোরীয় ফরোয়ার্ড কো মিন-হ্যেওককে এএফসি কাপের দলে রাখেননি কোচ। তার জায়গায় এসেছেন গেল মৌসুমে জামশেদপুর এফসির হয়ে আইএসএল মাতানো ব্রাজিলীয় ফরোয়ার্ড ওয়েলিংটন।

এএফসি কাপ সূচী

ম্যাচ                                    তারিখ         ভেন্যু

মানাং মার্শিয়াংদি - আবাহনী     ৩ এপ্রিল     আনফা কমপ্লেক্স, কাঠমান্ডু

আবাহনী - মিনার্ভা পাঞ্জাব        ১৭ এপ্রিল   বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা

চেন্নাইয়িন এফসি - আবাহনী     ৩০ এপ্রিল   দ্য অ্যারেনা স্টেডিয়াম, আহমেদাবাদ

আবাহনী - চেন্নাইয়িন এফসি     ১৫ মে        বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা

আবাহনী - মানাং মার্শিয়াংদি     ১৯ জুন       বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা

মিনার্ভা পাঞ্জাব - আবাহনী        ২৬ জুন       কলিঙ্গ স্টেডিয়াম, ভুবনেশ্বর