বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহা-পিন্ড দানের মাধ্যমে কঠিন চীবর দানোত্সব সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে উত্সবের শেষদিনে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার থেকে দু’শতাধিক বৌদ্ধ ভিক্ষু খালি পায়ে সারিবদ্ধভাবে লাইন ধরে মহা-পিণ্ড গ্রহণে বের হন। বৌদ্ধ ভিক্ষুরা বান্দরবানের পাহাড়ি অধ্যুষিত মধ্যমপাড়া-উজানীপাড়া ঘুরে ঘুরে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষের কাছ থেকে ছোয়াইং ও পিন্ড দানের অর্থ গ্রহণ করেন। দীর্ঘ দু’কিলোমিটার পথ পর্যন্ত পাহাড়ি বৌদ্ধ ধর্মাবলম্বীরা রাস্তার একপাশে প্যান্ডেল টাঙিয়ে সারিবদ্ধভাবে বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং, চাল, নগদ টাকা, চীবর, মোমবাতিসহ উত্সবের নানা সামগ্রী ধর্মীয় গুরুদের দান করেন। পুণ্য লাভের আশায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের পিন্ড দানের পাশাপাশি নানা প্রকার মিষ্টান্নও দান করেন। এছাড়া বৌদ্ধ ভিক্ষুদের সামনে থাকা বৌদ্ধ মূর্তিকে পূজাও দেওয়া হয়। অনুষ্ঠানে অংশ নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দও।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানায়, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের (উপুস) থাকার পর ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় দায়ক-দায়িকারা বৌদ্ধ ভিক্ষুদের সম্মানে বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলোতে দানোত্তম কঠিন চীবর দানোত্সব পালন করে। এই উত্সবে পাহাড়িরা চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন তুলা থেকে চর্কার মাধ্যমে সুতা তৈরি করে ধর্মীয় গুরু বৌদ্ধ ভিক্ষুদের পরিধানের জন্য চীবর কাপড় বুনে ভিক্ষুদের মাঝে চীবর দান করেন। কোনো প্রকার সেলাই ছাড়া তৈরিকৃত চীবর কাপড় ক্যায়াংএ ক্যায়াংএ ধর্মীয় গুরু বৌদ্ধ ভিক্ষুদের বিতরণ করা হয় এ উত্সবে।
