ফের শীর্ষে সিটি

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২১:৩০

লিভারপুলের বড় পরীক্ষা আজ

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ফুলহ্যামের বিপক্ষে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। অপরদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল আজ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।

প্রতিপক্ষের মাঠে মিডফিল্ডার বার্নার্দো সিলভার গোলে শুরুতেই এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। ২৭ মিনিটে সার্জিও আগুয়েরো প্রতিপক্ষ বিপদসীমায় রক্ষণের জটলার মধ্য থেকেই গোলরক্ষক সার্জি রিকোকে পরাস্ত করলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। পরে এ ব্যবধান ধরে রেখেই তালিকার শীর্ষে উঠে আসে শিরোপাধারী দলটি।

সিটির জয়ের ফলে আবারও শীর্ষস্থান থেকে নেমে গেছে লিভারপুল। আজ টটেনহ্যামের বিপক্ষে অ্যানফিল্ডে জয় পেলে অবশ্য এক ম্যাচ বেশি খেলে আবারও তালিকার চূড়ায় উঠে আসবে কোচ য়ুর্গেন ক্লপের দল। প্রিমিয়ার লিগে এ মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত আছেন সালাহরা। সে ধারা ধরে রাখতে পারলে আজ রাতেই আবার হারানো সিংহাসন ফেরত পাবে দলটি। তবে তাদের কাজ কঠিন করার সব রকম চেষ্টা করবে টটেনহ্যাম। ক্লপ বলেন, ‘আমরা শক্তিশালী টটেনহ্যামের প্রত্যাশাই করছি কেননা সামপ্রতিক সময়ে তাদের কোনো চোট সমস্যার কথা শুনিনি। এ মৌসুমে তাদের কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছিলো কিন্তু এখন তা আর নেই। তাই আমাদের ধারণা, তাদের সেরা দলটাই এখানে আসবে।’

টটেনহ্যাম কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য প্রতিপক্ষকে বেশ সমীহের চোখেই দেখলেন। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে তারা এখনো অপরাজিত আছে। এটা কঠিন এক চ্যালেঞ্জই হতে যাচ্ছে। আমরা তাদের সম্মান করি, তারা তাদের কাজটা ভালোভাবেই করছে।’