বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, চেষ্টা করলে তরুণ প্রজন্মের কাছে অসাধ্য কিছুই নেই। স্বাধীনতার প্রায় ৪০ বছর পর নতুন প্রজন্ম এভারেস্ট জয় করেছে। হিমালয়ের চূড়ায় জাতীয় পতাকা উড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
তিনি বলেন, তাছাড়া প্রাণিপালন ও এদের প্রতি ভালবাসা মানুষের মনে মানবিকতার সঞ্চার ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নিজেও গৃহপালিত পশু, পাখি পালন করতেন। এছাড়াও দেশের ১৬ কোটি মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করছে পশুপালন গ্র্যাজুয়েটরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক উৎসবের বক্তব্যে এসব কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে পশুপালন অনুষদের ৪৮ ব্যাচের স্নাতক সমাপনি উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের হল-উপাচার্য ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান প্রযুক্তি বিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
এছাড়া বিশেষ অতিথি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার উপস্থিত ছিলেন। এসময় প্রথম ৬ জন মেধাস্থান অধিকারীদের পদক দেয়া হয়।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
