নকলের সংবাদ প্রকাশ, ইত্তেফাক সংবাদদাতাকে প্রাণনাশের হুমকি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪০
চলমান এসএসসি পরীক্ষায় অনিয়ম ও অবাধ নকলের সংবাদ প্রকাশ করায় ইত্তেফাকের ফরিদপুরের সালথা উপজেলা সংবাদদাতা মো. নুরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী  আওয়ামীগ নেতা। 
 
বৃহস্পতিবার সকালে ওই সাংবাদিকের মোবাইল ফোনে এ হুমকি দেন এক নারী পরীক্ষার্থীর বাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া। ফোনে তাকে হাত-পা ভেঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 
 
এই ঘটনায় সাংবাদিক মো. নুরুল ইসলাম পুলিশ সুপার বরাবর নিজের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। বিষয়টি নিয়ে জেলায় কর্মরত সকল সাংবাদিকের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 
 
সাংবাদিক নুরুল জানান, সালথায় এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে নকলের মহোৎসব চলছিল। এতে বিভিন্ন হলে শিক্ষক ও প্রভাবশালীরা পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করছিলেন। যথেষ্ট তথ্য ও ছবিসহ সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যা দৈনিক ইত্তেফাকেও প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া আমাকে ফোন করে হাত-পা ভেঙ্গে হত্যার হুমকি দেন।
 
এ ঘটনায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক মো. নুরুল ইসলামের প্রাণনাশের হুমকিতে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অভিযুক্ত হুমকিদানকারীকে অবিলম্বে গ্রেফতার এবং নুরুল ইসলাম ও তার পরিবারের নিরাপত্তাদানে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 
 
এ ব্যাপারে অভিযুক্ত ফারুক উজ্জামান ফকির মিয়ার বক্তব্য জানতে তাকে ফোন করা হলে তিনি সাংবাদিকদের ব্যস্ততার অজুহাত দিয়ে পরে কথা বলতে বলেন। 
 
সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দীন সাংবাদিকের লিখিত আবেদন পাওয়ার কথা জানিয়ে বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম