গাজীপুরের কালিয়াকৈর বাজারে বৃহস্পতিবার মোবাইল কোর্টের জরিমানার ভয়ে দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ২ ঘণ্টা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, খাদ্য বা বিভিন্ন পণ্য সামগ্রী চিহ্নিত করতে উপজেলা সহকারী কমিশনার ছাফিয়া আক্তার শিমুর নেতৃত্বে মোবাইল কোর্ট বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর বাসস্টেশন এলাকায় যায়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সেবা ফার্মেসি ২ এর মালিককে নগদ ২৫ হাজার টাকা ও পপুলার ফার্মেসির মালিককে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এই খবরে বাজারের ওষুধ, বেকারি, মুদি, ক্লিনিক, সার, মশলা, নিষিদ্ধ পলেথিন ও কারেন্ট জালের দোকানসহ বিভিন্ন পণ্য সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান তাৎক্ষণিক তালাবব্ধ করে ব্যবসায়ীরা লাপাত্তা হয়ে যায়। মোবাইল কোর্ট চলে যাওয়ার পরে বিকাল ৩টার পর এক এক করে সবাই দোকানে ফিরে আসে।
এ ব্যাপারে আলাপকালে ব্যবসায়ীরা জানান, অনেক সময় তুচ্ছ কারণেও মোবাইল কোর্টের জরিমানার শিকার হতে হয়। তাই মোবাইল কোর্টকে ফাঁকি দেওয়ার জন্য আমরা ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম।
ইত্তেফাক/এমআই
