বয়স্ক ভাতা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৬
বয়স্ক ভাতার টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ ভোলা প্রামাণিকের (৭০)। মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত ভোলা প্রামাণিক উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বংগা গ্রামের বাসিন্দা। পুলিশ বাসটিকে ধাওয়া করে মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা থেকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান।
 
শেরপুর থানার এসআই মো. আরিফ জানান, ভোলা প্রামাণিক বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে সকালে সোনালী ব্যাংক বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) শাখায় আসেন। টাকা উত্তোলন শেষে বাড়ির উদ্দেশে ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী আরভি পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম